কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করাকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।
মেহজাবীন বলেন, যখন এ ধরনের কনটেন্ট হাজার হাজার মানুষ শেয়ার করে, তখন এটি কেবল একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং একটি বড় সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তিনি প্রশ্ন রাখেন, সমাজ হিসেবে আমরা আসলে কোন অবস্থানে এসে দাঁড়িয়েছি। কনটেন্ট তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহের বাস্তবতাকে অস্বীকার না করলেও তিনি প্রশ্ন তোলেন, কবে থেকে অন্যের অপমান ও অসম্মান উপার্জনের মাধ্যম হয়ে উঠল। তিনি আরও বলেন, ভিউ ও এনগেজমেন্টের এই প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কনটেন্ট তৈরির পাশাপাশি তা স্বেচ্ছায় শেয়ার ও প্রচারের মাধ্যমে যারা অংশ নিচ্ছেন, তাদের বিবেকহীনতার বিষয়টি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১০:০৬:২৩ ১৫ বার পঠিত #অপরাধ #এআই #বিনোদন #মেহজাবীন চৌধুরী #সামাজিক যোগাযোগ মাধ্যম