বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনের মধ্যে তিনজনকে আলোচক হিসেবে রাখা হয়নি। সোমবার অনুষ্ঠেয় এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও অফিস আদেশে তাঁদের নাম না থাকায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পরই ডিনদের অবস্থান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ডিনদের বিশেষ অতিথি বা আলোচক হিসেবে রাখা হয়ে থাকে।
আমন্ত্রণপত্রে সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিনদের আলোচক হিসেবে রাখা হলেও কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনদের নাম রাখা হয়নি। কলা অনুষদের ডিন অধ্যাপক নিতাই কুমার ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সর্বোচ্চ পদ হিসেবে ডিনদের বাদ দেওয়া অসম্মানজনক এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বিজন মোহন চাকী ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সুমন কুমার দেবনাথ কোনো মন্তব্য করেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী দাবি করেন, আগের একটি অনুষ্ঠানে সমস্যা হওয়ায় ওই তিন ডিন নিজেরাই আলোচকের তালিকায় থাকতে চাননি। তবে উপাচার্যের এই দাবি অস্বীকার করে অধ্যাপক নিতাই কুমার ঘোষ জানান, এমন কোনো প্রস্তাব বা আলোচনা তাদের সঙ্গে হয়নি।
বাংলাদেশ সময়: ২১:৫২:১৩ ১০ বার পঠিত #উপাচার্য #ডিন #প্রতিষ্ঠাবার্ষিকী #বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় #শিক্ষা #সমালোচনা