জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কমিটির বৈঠকে পাকিস্তানের বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনমল শের সিং বেদি বলেছেন, সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না নয়াদিল্লি। তিনি ভারতের বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ভারত সংঘাত চায় না। তবে বেপরোয়া কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করা না হলে শান্তি কেবল এক সংকট থেকে আরেক সংকটের মধ্যবর্তী বিরতিতে পরিণত হবে।
বেদি পেহেলগামে সন্ত্রাসী হামলা, সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি, পারমাণবিক অস্ত্রের বিস্তার এবং সন্ত্রাসবাদে রাষ্ট্রের দায় নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত বছরের মে মাসে পেহেলগামে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারত আত্মরক্ষার্থে যে সামরিক পদক্ষেপ নিয়েছিল, তা ছিল সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং সংঘাতের বিস্তার এড়ানোর উদ্দেশ্যে পরিচালিত। ভারতের এই কূটনীতিক পারমাণবিক সংঘাতের আশঙ্কা দেখিয়ে আত্মরক্ষার অধিকার সীমিত করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন। পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রসঙ্গে তিনি পাকিস্তানি বিজ্ঞানী এ কিউ খানের নেটওয়ার্কের ইতিহাস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫৪০ নম্বর প্রস্তাবের কথা উল্লেখ করে রাষ্ট্রগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। বেদি বলেন, পারমাণবিক অস্ত্রকে রাষ্ট্র পরিচালনার নিয়মিত হাতিয়ার হিসেবে বিবেচনা করা উচিত নয় এবং সন্ত্রাসবাদ বা উসকানিমূলক কর্মকাণ্ডের পরিণতি সীমিত রাখতে পারমাণবিক শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করা সংঘাতের ঝুঁকি বাড়ায়। ভারতের অবস্থানের তিনটি মূলনীতি তুলে ধরে তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদে মদদদাতা এবং হামলার পরিকল্পনাকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না। জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি অবৈধ দখলে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১:১৯:১০ ১০ বার পঠিত #জম্মু ও কাশ্মীর #জাতিসংঘ #পররাষ্ট্রনীতি #পাকিস্তান #পারমাণবিক হুমকি #ভারত #সন্ত্রাসবাদ