রবিবার, ১১ অক্টোবর ২০২৬

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান আপসের শর্তে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুলের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই ওবায়দুল রহমান বাদী হয়ে একটি মামলা করেন, যেটিতে গাজী নজরুল হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে বর্তমান আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাকসুদা ইসলাম গত ৩০ সেপ্টেম্বর জামিন পেলেও গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৩৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #