![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদরের মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মো. মোমিন মোল্লা (৪০) ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস(৩৬)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) র্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা উপস্থিত ছিলেন।
গত বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাবের-১০।
জানা যায়, র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মোমিন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই বুধবারে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয় গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে। এ সময় হাসান আলী বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান| অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে| যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে তা র্যাবকে জানিয়ে সহযোগিতা জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৪:৩৯ ৮০ বার পঠিত