
মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের ব্যাচেলর ভবনের সামনের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
জাতীয় পর্যায়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, “পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যাতেও সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির জিএম (কারখানা) সুমন কুমার সাহা, জিএম (অর্থ) মোহাম্মদ আব্দুছ ছাত্তার, জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, জিএম (ডিস্টিলারি) রাজিবুল হাসান, জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ফার্ম) সুমন কুমার সাহা, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) দেলোয়ার হোসেন এবং ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশলী) আবু সাঈদ।
এ ছাড়া অনুষ্ঠানে কেরু অ্যান্ড কোম্পানির ডিহি ফার্ম ইনচার্জ ইমদাদুল হক, বিভিন্ন সাব-জোনের প্রধান, কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে কেরু অ্যান্ড কোম্পানি পরিবেশবান্ধব উদ্যোগে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করেছে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১:০৮:৪৯ ১৩ বার পঠিত