মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা না পেলেও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার উন্নয়ন তহবিল থেকে নিয়মিত অর্থ সহায়তা পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফার ‘FIFA Forward’ কর্মসূচির আওতায় ২০২৩-২০২৬ বিশ্বকাপ চক্রে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নের জন্য সর্বোচ্চ ৮ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। ফিফার পূর্ণ সদস্য হওয়ায় এই তহবিল পাওয়ার আওতাভুক্ত বাংলাদেশও।

ফিফার আয়ের বড় অংশ আসে বিশ্বকাপ আয়োজন, সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি থেকে। সংস্থাটি এসব আয়ের একটি অংশ বিশ্বের ২১১টি সদস্য দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করে থাকে।

ফিফার নির্ধারিত হিসাব অনুযায়ী, ২০২৩-২০২৬ চক্রে প্রতিটি সদস্য দেশের জন্য সর্বোচ্চ ৮ মিলিয়ন ডলার পর্যন্ত উন্নয়ন সহায়তার সুযোগ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৫ কোটি টাকার বেশি।

এই অর্থের একটি অংশ ফেডারেশনের প্রশাসনিক ও পরিচালন ব্যয়ে ব্যবহার করা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়, যার আওতায় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, যুব ফুটবল একাডেমি, তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়ন এবং নারী ফুটবলের প্রসারে অর্থ ব্যয় করা হয়।

তবে ফিফার এই অর্থ সরাসরি কোনো শর্ত ছাড়াই দেওয়া হয় না। নির্দিষ্ট প্রকল্প পরিকল্পনা ও বাজেট জমা দেওয়ার পর অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে অর্থ ছাড় করা হয়। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অডিট ও নজরদারিও করা হয়।

বিশ্বকাপে অংশ নিতে না পারলেও ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক ফুটবল উন্নয়ন কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১:১২:৫৪   ১০ বার পঠিত