সোমবার, ১৩ জুলাই ২০২৬

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!
সোমবার, ১৩ জুলাই ২০২৬



৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন এক গৃহবধূ। নিজের ব্যাংক অ্যাকাউন্টে তিনি দেখতে পান ৭,৫৯৬,৯৫১,৯৫১.১৬ রুপি, অর্থাৎ প্রায় ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা। অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা দেখে হতবাক হয়ে যান ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোড়াকোপরা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। ওই গৃহবধূর নাম সেরিফা খাতুন।

পরিবার সূত্রে জানা গেছে, সেরিফা খাতুনের স্বামী ও অন্যান্য আত্মীয়রা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকেই তার দেওর সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠান। ওই টাকা তুলতে ব্যাংকে গেলে সেরিফা খাতুন জানতে পারেন, তার অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার বেশি জমা রয়েছে। বিপুল পরিমাণ এই অর্থের তথ্য দেখে তিনি বিস্মিত হয়ে যান।

সেরিফা খাতুন জানান, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। সংসার চালাতে পরিবারের পুরুষ সদস্যদের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হয়। হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে তার হাত-পা কাঁপতে শুরু করে। পরে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান এবং লালগোলা থানাকেও অবহিত করেন।

কীভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা দেখা গেল, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যাংকের কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভারের সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ঘটনা হতে পারে। তবে এ বিষয়ে এখনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সাধারণ এক গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ দেখা গেল, তা খতিয়ে দেখছে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা।

একই দিনে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুলাগাঁও গ্রামে। গ্রামের বাসিন্দা স্বপ্না বর্মন সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি-না, তা জানতে ধুলাগাঁও বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় যান। সেখানে নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করার পর সামনে আসে অবিশ্বাস্য তথ্য। স্টেটমেন্টে দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭৪০ কোটি টাকা জমা রয়েছে।

ঘটনার খবর পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশের কাছেও। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে কথা বলে এবং বিষয়টি সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পরে পুলিশ তাকে আবার ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করার পরামর্শ দেয়। দ্বিতীয়বার ব্যালেন্স পরীক্ষা করার পর বেরিয়ে আসে প্রকৃত তথ্য। দেখা যায়, অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা নেই; আগের মতোই জমা রয়েছে মাত্র ২০২ টাকা।

ব্যাংকের প্রথম স্টেটমেন্টে বিপুল অঙ্কের যে টাকা দেখা গিয়েছিল, সেটি সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রদর্শিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৬:৫৮:৫১   ৯ বার পঠিত