![]()
ভারতের রাজস্থান রাজ্যের আজমের ও পুষ্কর এলাকায় ইসরাইলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই বৃটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (সিআইডি/আইবি) বিষয়টিকে গুরুতর হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর দুই বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তরা হলেন লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী অনুশি এমা ক্রিস্টিন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। তারা পর্যটক ভিসায় ভারতে এসেছেন। অবস্থান করছিলেন পুষ্করে। ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, এই দম্পতি বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে রাজনৈতিক বার্তাসংবলিত স্টিকার লাগাচ্ছেন। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তাদের শনাক্ত করে। এরপর অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটক ভিসায় ভারতে অবস্থান করলেও রাজনৈতিক ও আদর্শিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন। পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়। ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে দুই বিদেশির ভিসা বাতিল করা হয় এবং তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিস’ জারি করা হয়। এতে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনায় বিদেশি নাগরিকদের আটক করে বহিষ্কার প্রক্রিয়া শুরু করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা বা ‘ব্ল্যাকলিস্ট’ হওয়ার ঝুঁকিও থাকে।
ভারত সরকার স্পষ্ট করেছে পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার এনডিটিভি’কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরের ফেব্রুয়ারিতে ইসরাইল সফরে যেতে পারেন। সফরটি বাস্তবায়িত হলে, তা হবে এমন এক সময়ে যখন পশ্চিম এশিয়ায় তীব্র ভূরাজনৈতিক টানাপোড়েন চলছে এবং প্রতিরক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা, বাণিজ্য ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত-ইসরাইল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৪২:১৫ ৯০ বার পঠিত