নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এই কর্মসূচি পালন করা হয়। তালা দেওয়া ইউনিয়নগুলো হলো রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া। শুধুমাত্র শাহাপুর ইউনিয়ন পরিষদ এই তালিকার বাইরে রয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত এবং বিগত সময়ে নির্বাচিত চেয়ারম্যানদের ওপর ক্ষোভ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের নেতা-কর্মীরা পরিষদে এসে ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে কার্যালয় বন্ধ করতে বলেন। এ সময় টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। চেয়ারম্যান মানিক জানান, তিনি স্বাক্ষর সম্পন্ন করার পর নিজেই নিজের কক্ষে তালা দিয়ে চলে আসেন, তবে পরে নেতা-কর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং টিসিবির পণ্যবাহী গাড়ি বের করে দেন।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন অভিযোগ করেন, বেলা ১১টার দিকে মিছিল নিয়ে একদল নেতা-কর্মী তাঁর বাড়ির সামনে উসকানিমূলক স্লোগান দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা পরিষদে ঢুকে তাঁর কক্ষের আসবাব ভাঙচুর করেন এবং সরকারি কাগজপত্র তছনছ করেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তিনি ৮টি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার খবর পেয়েছেন। তিনি বলেন, ‘মূলত বর্তমান চেয়ারম্যানদের ওপর ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভ থেকে তাঁরা এমনটি করেছেন। আমরা তাঁদের জানিয়েছি, ইউনিয়ন পরিষদ একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। জনসেবা স্বাভাবিক রাখতে স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যালয়গুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু হানিফ জানান, ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়ে দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের বিরুদ্ধে পরিষদের আয়ের ২ শতাংশ অর্থ দিয়ে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নভাবে নেতা-কর্মীরা তালা দিয়েছেন এবং বিষয়টি নিয়ে তিনি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলবেন।
বাংলাদেশ সময়: ১১:২০:৫৩ ৭ বার পঠিত #আওয়ামী লীগ #ইউনিয়ন পরিষদ #চাটখিল #ছাত্রদল #নোয়াখালী #বিএনপি #যুবদল