সোমবার, ৯ নভেম্বর ২০২৬

এক যুগ পর চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এক যুগ পর চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগ এনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেছেন এক বিচারক। সোমবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। বাদীর আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলার আসামিরা হলেন চ্যানেল ২৪-এর এমডি এ কে আজাদ, ‘সার্চলাইট’ প্রোগ্রামের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন। মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানে ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ : বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করা হয়। অভিযোগে বলা হয়, প্রতিবেদনে বাদীর বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত ও কেটে ছেঁটে প্রচার করা হয়েছে। ১৫ অক্টোবর মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার পর চ্যানেল ২৪ দাবি করে যে, তাদের প্রতিবেদনের কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাদী জানান, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে এবং জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ অনুযায়ী বিভাগীয় মামলা ও তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চ্যানেল ২৪-এর সংবাদের কারণে বরখাস্তের দাবিটি মিথ্যা ও মানহানিকর বলে আবেদনে উল্লেখ করা হয়। বাদী তার বক্তব্য বিকৃত করার প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন এবং আসামিদের বিরুদ্ধে সমন জারির আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:০১:৪৯   ২২ বার পঠিত   #  #  #  #  #