শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা

প্রথম পাতা » জাতীয় » দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি ছিল। উৎসব শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠান আগের স্বাভাবিক নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এর ফলে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

চলতি বছর বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে সরকার কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে।

সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে পুনরায় আগের সময়সূচি কার্যকর হচ্ছে। চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টা, পরে ব্যবসায়ীদের দাবির মুখে সন্ধ্যা ৭টা এবং কুরবানির ঈদের আগে রাত ১০টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে জুন মাসে রাত ৯টা এবং ১২ আগস্ট থেকে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:১৩   ১৬ বার পঠিত   #  #  #  #  #