ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সন্দেহে হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। পরে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা থানায় গিয়ে দাবি করেন, আটক ব্যক্তি তাঁদের দলের সক্রিয় কর্মী। তাঁরা পুলিশের কাছে হায়দার আলীর দলীয় চাঁদা দেওয়ার রসিদ ও সভা-সমাবেশে উপস্থিত থাকার প্রমাণ দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পুলিশ হায়দার আলীকে জামায়াত নেতাদের হাতে তুলে দেয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সোর্সের তথ্যের ভিত্তিতে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে হায়দার আলীকে আটক করেছিলেন তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁকে জামায়াত নেতাদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হায়দার আলী উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় এবং প্রায় তিন ঘণ্টা পর রাত নয়টার দিকে তিনি থানা থেকে ছাড়া পান। এ সময় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান এবং জেলা জামায়াতের সুরা সদস্য ও যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৭:৩১:৩৮ ১০ বার পঠিত #আটক #কোটচাঁদপুর #জামায়াতে ইসলামী #ঝিনাইদহ #পুলিশ #যুবলীগ