আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটক নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়ি শহরে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁদের খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। ফেরার পথে অবরোধকারীদের বাধা ও গোলাগুলির ঘটনায় পর্যটকেরা আতঙ্কিত ছিলেন বলে জানিয়েছেন।
সাজেকের সাম্পারি গেস্টহাউসের কর্মচারী জুগেশ্বর ত্রিপুরা বলেন, সাজেক বন্ধ ঘোষণা করায় বাড়ি ফিরছিলাম। উজো বাজারে এসে দেখি, গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের গাড়িগুলো নিয়ে আসেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানিয়েছেন, সব পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন। তবে খাগড়াছড়িতে ফিরে হোটেল কক্ষ খালি না পাওয়ায় অনেক পর্যটক ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় পর্যটকবাহী গাড়িবহর সাজেক থেকে রওনা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাঘাইছড়ির উজো বাজার এলাকায় অবরোধকারীরা গাড়ি আটকে দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে তাদের সরিয়ে দেন। এরপর বেলা ১১টার দিকে গাড়িবহর উজো বাজার এলাকা ছাড়ে। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। নিরাপত্তার কারণ দেখিয়ে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, অবরোধের কারণে পর্যটকদের সাজেক ছাড়তে হচ্ছে এবং রিসোর্টের আগাম বুকিং বাতিল করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:৪২:১৮ ২০ বার পঠিত #অবরোধ #খাগড়াছড়ি #নিরাপত্তা #পর্যটক #রাঙামাটি #সাজেক