বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী টোকিওতে থাকছেন না। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্বে টোকিও পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সফর নিয়ে আলোচনার জন্য দাউদ আলীকে ঢাকায় ডাকা হলেও সফরের প্রস্তুতিমূলক কাজে তাকে যুক্ত রাখা হয়নি।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ অনুসরণ করে তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন। নজরুল ইসলাম গতকাল জাপানে পৌঁছেছেন এবং সফর চলাকালে দ্বিপক্ষীয় তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্বে থাকবেন। সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে, গত কয়েক দশকে কোনো প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দেশ সফরের সময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার নজির নেই। দাউদ আলী ও মো. নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। দাউদ আলীর চলতি বছরের ৭ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১২   ২৪ বার পঠিত   #  #  #  #  #