বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



চিকিৎসাসামগ্রীর সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে দূরদূরান্তের রোগী ও স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, রোগীর স্বজনদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান জানান, দুই থেকে তিন মাস ধরে হাসপাতালে ক্যানুলা, মাইক্রোপোর, সাধারণ স্যালাইন ও সিরিঞ্জের মতো প্রয়োজনীয় উপকরণের তীব্র সংকট চলছে। এছাড়া খিঁচুনিতে আক্রান্ত নবজাতকের জীবন রক্ষাকারী ওষুধও অনেক সময় পাওয়া যাচ্ছে না। হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহম্মেদ জানান, ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে তিনটি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হয়েছে এবং ক্যাজুয়ালটি বিভাগ আগামী ১ নভেম্বর চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, স্যালাইন ও সিরিঞ্জের ঘাটতি ইতিমধ্যে সমাধান করা হয়েছে এবং অন্যান্য সরঞ্জামের সরবরাহ ১৫ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে। চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত ১০০ জন আনসার সদস্যের চাহিদা পাঠানো হয়েছে এবং জরুরি বিভাগের সামনে পুলিশ বক্স নির্মাণের কাজ চলছে। কর্মবিরতি চলাকালীন রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালের অন্যান্য পর্যায়ের চিকিৎসকদের ওয়ার্ডে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৫:৫৯   ১৩ বার পঠিত   #  #  #  #  #