নওগাঁর ধামইরহাটে হালিমা বেগম (৬৫) নামের এক নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে তাঁর ছোট ভাই মজনু রহমান ও ভাবি হোসনে আরাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য তিনজন হলেন রবিউল ইসলাম, হামিদুর রহমান ও মোশারফ হোসেন। বুধবার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্যমতে, হালিমা বেগমের জমানো টাকা ও গবাদিপশুর প্রতি লোভ ছিল তাঁর ছোট ভাই ও ভাবির। এছাড়া মাদক বিক্রির তথ্য দেওয়া নিয়ে স্থানীয় রবিউলের সঙ্গে এবং জমিজমা নিয়ে প্রতিবেশী হামিদুর ও মোশাররফের সঙ্গে বিরোধ ছিল হালিমার। এসব কারণে আসামিরা তাঁকে হত্যার পরিকল্পনা করেন।
গত রোববার রাতে হামিদুর কৌশলে হালিমাকে ঘর থেকে ডেকে বের করেন। পরে আসামিরা তাঁকে বাড়ির অদূরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ধানখেতের পাশে বাঁশঝাড়ে ফেলে রাখে। এ সময় হোসনে আরা হালিমার কান থেকে সোনার দুল খুলে নেন। পুলিশ আসামিদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করেছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩২:০৫ ১৪ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #ধামইরহাট #নওগাঁ #হত্যা মামলা