দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন। ১৪ অক্টোবর থেকে তারা বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলে বন্দী ছিলেন। বুধবার (২১ অক্টোবর) পুলিশ তাদের আরও তিন দিনের হেফাজতে রাখার আবেদন জানালে আদালত জামিন বন্ড ও জামিনদারের তথ্যাদি পর্যালোচনার পর এই মুক্তির আদেশ দেন। এর আগে ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে আটক হওয়ার পর ৫০ হাজার রুপির মুচলেকায় তারা মুক্তি পেয়েছিলেন। তবে ১৩ অক্টোবর তারা দিল্লির যন্তর মন্তরের তালাবদ্ধ গেট ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। নিষেধাজ্ঞা অমান্য ও বন্ড ভাঙার অভিযোগে ১৪ অক্টোবর দিল্লি পুলিশ তাদের পুনরায় আটক করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। বিচার বিভাগীয় হেফাজতে রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা দিল্লি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। হাইকোর্টের বিচারপতি সুব্রামানিয়াম প্রসাদ শাস্তির বন্ডের বিধান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তাদের ভর্ৎসনা করেন। এরপর সিজেপির আইনজীবীরা রিট আবেদনটি প্রত্যাহার করে নিলে বিকেলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৩ ১৫ বার পঠিত #আদালত #আশুতোষ রাঙ্কা #ককরোচ জনতা পার্টি #তিহাড় জেল #দিল্লি #দিল্লি পুলিশ #সৌরভ দাস