মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে ধারণা করা হলেও, মরদেহ গোসলের সময় পরিবারের সদস্যরা মাথার পেছনে একটি ক্ষতচিহ্ন দেখতে পান। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসান জানান, মরদেহের মাথার চুল শেভ করে পরীক্ষা করে একটি পাংচার বা পেনিট্রেটিং ক্ষত নিশ্চিত হওয়া গেছে। তবে এটি আগ্নেয়াস্ত্রের গুলির কারণে কি না, তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
রয়েল এক্সপ্রেস পরিবহনের ব্যবস্থাপক বিপুল কুমার দাস জানান, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে শাকেরের সঙ্গে তাঁর কথা হয়েছিল। ৫টা ৩৫ মিনিটের দিকে বাসের কন্ডাক্টর তাঁকে জানান যে শাকের অচেতন অবস্থায় কাউন্টারে পড়ে আছেন।
শাকের হোসেনের আত্মীয় ও জেলা বিএনপির সদস্য মো. কুতুবউদ্দিন অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি জানান, টার্মিনালে উপস্থিত ব্যক্তিদের ভাষ্যমতে, একটি মোটরসাইকেলে দুজন লোক এসেছিল এবং মোটরসাইকেলের সাইলেন্সার জোরে বাজানো হয়েছিল। একজন যাত্রী গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন। কাউন্টারের টেবিলের ওপর ও নিচে রক্ত পাওয়া গেছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এটি হত্যাকাণ্ড কি না তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩৬ ৩১ বার পঠিত #অপরাধ #বাস টার্মিনাল #মাগুরা #ময়নাতদন্ত #যুবদল #হত্যাকাণ্ড