ইন্টারনেট বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগেই বার্তা, ছবি বা ভিডিও পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন। ফলে প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা পাঠানো কিংবা জরুরি কোনো তথ্য সময়মতো জানাতে আর নির্দিষ্ট মুহূর্তে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ নতুন এই ফিচারের পরীক্ষা চালাচ্ছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত চ্যাট খুলে মেসেজ টাইপ করার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলেই একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। সেখান থেকে বার্তা পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করা যাবে।
শুধু সাধারণ বার্তা নয়, ছবি, ভিডিও ও লিংকও নির্ধারিত সময়ে পাঠানোর জন্য শিডিউল করা যাবে। এ ছাড়া ছবি বা ভিডিও পাঠানোর আগে তাতে ফিল্টার, ক্যাপশন কিংবা ড্রয়িং যোগ করার সুবিধাও থাকবে।
নতুন ফিচারটিতে অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী ১৪ দিন পর্যন্ত যেকোনো সময়ের জন্য বার্তা শিডিউল করা যাবে। ফলে ব্যবহারকারীরা আগেভাগেই প্রয়োজনীয় বার্তা তৈরি করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর আগপর্যন্ত চাইলে সেটি পরিবর্তন বা মুছেও ফেলা যাবে।
ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ব্যবহার করা যাবে এই সুবিধা। নির্দিষ্ট সময়ে গ্রুপে জরুরি ঘোষণা, প্রয়োজনীয় তথ্য কিংবা অন্য কোনো বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো সম্ভব হবে। এতে ব্যস্ততার কারণে বার্তা পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে।
ফিচারটির অন্যতম সুবিধা হলো, নির্ধারিত সময়ে ব্যবহারকারীর ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাপ খোলা না থাকলেও বার্তা পাঠানোর ব্যবস্থা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ সুবিধা কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত কারিগরি তথ্য এখনো স্পষ্ট নয়।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় শিডিউল করা বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে বলে জানা গেছে। অর্থাৎ, বার্তা আদান-প্রদানের নিরাপত্তা বজায় রেখেই নতুন সুবিধাটি চালুর পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কেবল নির্দিষ্ট বিটা ব্যবহারকারীরা এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরীক্ষা শেষে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২:১১:৫৮ ২৭ বার পঠিত #ইন্টারনেট #থাকলেও #নির্দিষ্ট #পাঠানো #বন্ধ #যেভাবে #সময়ে #হোয়াটসঅ্যাপে