দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে। তাঁর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে মিথ্যা ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
দুদকের অভিযোগ অনুযায়ী, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার জন্য সায়মা ওয়াজেদ তাঁর জীবনবৃত্তান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট হিসেবে কাজ করার মিথ্যা তথ্য প্রদান করেন। তদন্তে আরও বলা হয়, তিনি ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এই কার্যক্রম চালান।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, জীবনবৃত্তান্তে দেওয়া তথ্যের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নথি খোলা হয় এবং তথ্য যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়েই চাপ প্রয়োগ করা হয়। পরে এসব তথ্য সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে পাঠানো হয়।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদ বিএসএমএমইউতে শিক্ষকতা কিংবা শিক্ষা ম্যানুয়াল তৈরি ও পর্যালোচনাসংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে এসব কাজের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে তিনি ২০২৩ সালে আবেদন করেন।
এ ঘটনায় সায়মা ওয়াজেদ দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:২১:১১ ১০ বার পঠিত #চার্জশিট #ডব্লিউএইচও #দুদক #দুর্নীতি #মামলা #সায়মা ওয়াজেদ পুতুল