দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে নিজ ঘর থেকে মা ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বর্ণা আক্তার (২৪) এবং তাঁর দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও রাইফা মনি (১)। স্বর্ণা আক্তার ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী।
ঘরের দেয়ালে কিছু কথা লেখা আছে। সেখানে লেখা, আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগী মা। (আমার সন্তানদের) নিজে মারছি। মা–বাবা সরি। আমি তোমাদের ভালোবাসি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণার স্বামী শাকিল হোসেন পেশায় ইজিবাইকচালক এবং মাদকাসক্ত। পারিবারিক কলহের জেরে রোববার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যার দিকে দুই সন্তানকে নিয়ে শোবার কক্ষের দরজা বন্ধ করে দেন স্বর্ণা। দীর্ঘ সময় সাড়াশব্দ না পেয়ে শাকিলের মা প্রতিবেশীদের ডাকলে তাঁরা দরজা ভেঙে মরদেহগুলো দেখতে পান। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে ওই নারী দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এ ঘটনায় স্বামী শাকিল হোসেনকে হেফাজতে নিয়েছে এবং প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনি পদক্ষেপ গ্রহণ করছে।
বাংলাদেশ সময়: ৮:১৯:১৯ ৯ বার পঠিত #অপরাধ #আত্মহত্যা #চিরিরবন্দর #দিনাজপুর #পারিবারিক কলহ