যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে নিজেদের প্রতিনিধিত্ব বাড়াতে ক্যালিফোর্নিয়ার তিনটি শহরের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন বাংলাদেশি-আমেরিকান। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো শহর থেকে সাজিয়া হক, রিভারসাইড কাউন্টির পেরিস শহর থেকে মোহাম্মদ রহমান এবং সান বার্নার্ডিনো কাউন্টির চিনো শহর থেকে এম এস আলম প্রার্থী হয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী প্রচারে স্থানীয় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা আর্থিক ও মানসিক সমর্থন জোগাচ্ছেন। সাজিয়া হক মন্টেবেলোর ডিস্ট্রিক্ট ১ থেকে লড়ছেন। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাজিয়া নগর প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপদ পাড়া-মহল্লার ওপর গুরুত্ব দিচ্ছেন। পেরিস শহরের ডিস্ট্রিক্ট ১ থেকে প্রার্থী মোহাম্মদ রহমান ডাক বিভাগে ২৭ বছরের কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জননিরাপত্তা, সাশ্রয়ী আবাসন ও তরুণদের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, চিনো শহরের ডিস্ট্রিক্ট ৩ থেকে প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী এম এস আলম পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের ওপর জোর দিচ্ছেন।
তিন প্রার্থীর নির্বাচনী প্রেক্ষাপট ভিন্ন হলেও তাঁদের মূল লক্ষ্য স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ বাড়ানো এবং নিজ নিজ এলাকার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কমিউনিটির প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১২:১৩:০৮ ৬ বার পঠিত #ক্যালিফোর্নিয়া #প্রবাসী #বাংলাদেশি-আমেরিকান #যুক্তরাষ্ট্র #রাজনীতি #সিটি কাউন্সিল নির্বাচন