ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে নামে-বেনামে ২০ শতাংশের অধিক শেয়ার নিয়ন্ত্রণ করার অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিচারপতি শওকত আলী চৌধুরী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটকারীর আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট বিপ্লব কুমার দাশ। ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং ইবিএলের ক্ষুদ্র শেয়ারহোল্ডার অ্যাডভোকেট কামরুল ইসলাম জনস্বার্থে এই রিট দায়ের করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক (১) ধারা অনুযায়ী কোনো একক ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। অথচ ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবার সরাসরি ৯.৯৯% এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ১১.১২%—অর্থাৎ মোট ২১.১১% শেয়ার নিয়ন্ত্রণ করছেন। বাংলাদেশ ব্যাংকের তদন্তেও ২০.৪৮% শেয়ার কুক্ষিগত রাখার বিষয়টি নিশ্চিত হয়েছে।
তদন্ত প্রতিবেদনে আরও উঠে আসে, শওকত আলী চৌধুরী তার পারিবারিক প্রতিষ্ঠান ‘এস.এন. করপোরেশন’-এর কর্মচারী এবং নিজের শ্যালিকাকে ডামি শেয়ারহোল্ডার হিসেবে ব্যবহার করেছেন। ‘মেসার্স আরুশা অ্যান্ড কোং’ ও ‘আনিকা শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ’-এর মাধ্যমে এই শেয়ার নিয়ন্ত্রণ করা হয়। আরুশা অ্যান্ড কোং মাত্র ১ লাখ টাকা পরিশোধিত মূলধনের প্রতিষ্ঠান হলেও বর্তমানে প্রায় ৩৩০.৫০ কোটি টাকা মূল্যের ১৩ কোটি ৫৪ লাখের বেশি শেয়ারের মালিক। শওকত আলী নিজে ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদে থেকে লভ্যাংশ অনুমোদন করান এবং সেই অর্থ জমি কেনার ভুয়া বায়না দেখিয়ে ব্যক্তিগত ব্যাংক হিসাব ও নিজ প্রতিষ্ঠানে স্থানান্তর করে শত শত কোটি টাকার সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫০:১৪ ২ বার পঠিত #আদালত সংবাদ #ইস্টার্ন ব্যাংক #বাংলাদেশ ব্যাংক #ব্যাংক কোম্পানি আইন #রিট #শওকত আলী চৌধুরী #হাইকোর্ট