রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
রবিবার, ২৬ জুলাই ২০২৬



কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শ্যুটার মো. চঞ্চল মোল্যাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কাফরুল থানার অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

এদিন আসামি চঞ্চল মোল্যাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভূইয়া তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানাধীন এলাকায় একই থানার বিএনপির সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবু, ভিকটিম ইউসুফসহ অন্যরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এ সময় আসামি চঞ্চল ও তার সহযোগী পলাতক অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ইউসুফকে লক্ষ্য করে গুলি করেন।

গুলিটি ইউসুফের বুকের ডান পাশে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় আসামিরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন।

এলোপাতাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ইউসুফ, নালাম সরদার ও মনিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান।

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাফরুল থানাধীন একটি দোকানের সামনে উপস্থিত লোকজন অস্ত্র ও গুলিসহ আসামি চঞ্চল মোল্যাকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি চঞ্চল নিজের পরিচয় জানান। পাশাপাশি জিহাদ মোল্লা, মো. জিয়ারুল, হাসানসহ অজ্ঞাত কয়েকজনের নামও প্রকাশ করেন। এ ঘটনায় কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ৬:২৮:৩৩   ৮ বার পঠিত