![]()
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের টাকা দিয়ে কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিনে কোরবানির জন্য মসজিদের টাকায় সফিল উদ্দিন ইমামের জন্য একটি ছুরি কিনে দেন। তবে বিষয়টি অনেকেই জানতেন না। শুক্রবার জুম্মার নামাজের সময় ছুরি কেনার বিষয়টি নিয়ে গ্রামের আজিম উদ্দিন মসজিদে উপস্থিত মুসল্লিদের অবগত করেন। এ নিয়ে সফিল উদ্দিন ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে সফিল উদ্দিন পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ২৩:৫১:১৬ ৫৪ বার পঠিত