মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়

প্রথম পাতা » অপরাধ » ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়

টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমদ হোসেনকে ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারীদের ২০ হাজার টাকায় ভাড়া করা হয়েছিল। এ ঘটনায় র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ ছাড়া বনানী থানা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট গ্রেপ্তার সংখ্যা ৭ জন।

সোমবার বিকেলে ডা. আহমদ হোসেন হেঁটে মহাখালীর ওয়াসা রোডের বাসায় ফিরছিলেন। এ সময় পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে মাস্কপড়া দুইজন ব্যক্তি তার ওপর হামলা করে। তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ‎এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশের পাশাপাশি মামলাটি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড ইন্তেখাব চৌধুরী বলেন, দুই প্রতিষ্ঠানের টেন্ডার সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ‎ উপপরিচালককে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ক্যানসার হাসপাতালের একটি টেন্ডারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়। টেন্ডারকে ঘিরে বিরোধে জড়িত দুটি গ্রুপের মধ্যে একটি ‘ইএমই ট্রেডার্স’ এবং অন্যটি ‘মোনায়েম গ্রুপ’। এর মধ্যে ইএম ট্রেডার্সের মালিক রুবেল মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনিই এই হামলার নির্দেশ দিয়েছেন। তার পক্ষে দেশে থাকা করিমসহ অন্যরা কাজটি সম্পন্ন করে।

র‍্যাব জানায়, হামলার ধরন দেখে এটি হত্যার উদ্দেশ্যে নয়, ভয়ভীতি প্রদর্শনের জন্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ‎‎

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমককে বলেন, তারা ইউসুফ আলী ও নেছার আহমেদ নামে দুজনকে কড়াইল বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। এই দুইজন বস্তির বাসিন্দা।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৭   ১৫ বার পঠিত