বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুর-৩ ছাড়া কোনো আসনে নির্বাচন স্থগিত হয়নি : ইসি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » শেরপুর-৩ ছাড়া কোনো আসনে নির্বাচন স্থগিত হয়নি : ইসি
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



শেরপুর-৩ ছাড়া কোনো আসনে নির্বাচন স্থগিত হয়নি : ইসি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর ৩ আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চলছে আরো একটি আসনে স্থগিত করা হয়েছে। বিষয়টি অপপ্রচার উল্লেখ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি।

রোববার বিকেলে সংস্থাটির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো-আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত-বিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য নির্বাচন কমিশন দেশবাসীকে অনুরোধ জানাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল গাজীপুরের ৫টি আসনে নির্বাচনী সামগ্রী বিতরণ স্থগিত করা হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন হয়। প্রচার হয়, গাজীপুরের ৫টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজ রোববার ইসি এ বিষয়ে অপপ্রচাররোধে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০২   ৫৬ বার পঠিত