
১১টি বিদেশি পিস্তল, ৩৯৪টি গুলিসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার অস্ত্র আইনের মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আসামি বিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সুমন মিয়া তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, আসামি বিপুর সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। বিপুসহ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ গোপনে বাড্ডা-ভাটারা থানা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। আসামিকে অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে উল্টা পাল্টা তথ্য প্রদান করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
আসামি অত্যন্ত চতুর প্রকৃতির। মামলাটি তদন্তাধীন। জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবেদনে আরো উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ কিংবা অন্য কোথাও বিক্রয় করেছে কি না? আগ্নেয়াস্ত্র কোন কোন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করেছে? কোন কোন সন্ত্রাসীদের নিকট আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশো নিজের অস্ত্রগুলো হেফাজতে রেখেছে।
কোনো বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংঘটন এবং কাউকে হত্যা করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখেছে কিনা? মামলার অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য তার সাত দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা বেপারী পাড়া এলাকার একটি বাসা থেকে বিপুকে ১১টি বিদেশি পিস্তল, গুলিসহ তাকে আটক করে সেনাবাহিনীর একটি অভিযান টিম। এ ঘটনায় বাড্ডা থানার উপপরিদর্শক মো. হাসানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ৯:১৫:১৮ ৪২ বার পঠিত