![]()
এপস্টেইন ফাইলস প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত এসব নথিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের নাম উঠে এসেছে। সেই তালিকায় ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের নামও রয়েছে।
এর আগে তার চলচ্চিত্র ও ব্যক্তিগত মতামতের কারণে একাধিকবার বিতর্কে জড়ালেও এপস্টেইন ফাইলসে নাম নিয়ে এবার প্রথমবারের মতো মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ।
খবরে বলা হয়, এপস্টেইন ফাইলসে তাকে একজন ‘খ্যাতনামা বলিউড পরিচালক’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাকে চীনের সাংহাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো।
হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেন, ‘এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি প্রতি মাসে অনেক বক্তৃতার আমন্ত্রণ পাই কিন্তু খুব কম ক্ষেত্রেই সাড়া দেই। আর আমি জীবনে কখনোই বেইজিং যাইনি।’
তিনি বলেন, ‘এটা তো একটা সাধারণ ইমেইল মাত্র, বিষয়টা পরিষ্কার। আমার নাম ব্যবহার করে তৈরি ভিত্তিহীন খবর আমার ছবির চেয়েও বেশি আলোচিত হচ্ছে।’
অনুরাগ কাশ্যপ ছাড়াও এই বিতর্কিত এপস্টেইন ফাইলসে নাম রয়েছে নির্মাতা মীরা নায়ার যিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা এবং অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের।
মার্কিন বিচার বিভাগ গত সপ্তাহে কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নতুন কিছু নথি প্রকাশ করে। এসব নথিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের তথ্য রয়েছে।
এ নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উঠে এসেছে।
উল্লেখ্য, জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে আত্মহত্যা করেন।
বাংলাদেশ সময়: ৯:৫৮:১৩ ৫৪ বার পঠিত